চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় ব্যতিক্রমধর্মী এক রাজনৈতিক মুহূর্তের সৃষ্টি হয়। শনিবার (১৬ মে) বেলা সোয়া ১১টার দিকে সেখানে পৌঁছায় প্রধানমন্ত্রীর বহর।
মহাসড়কের দু’পাশজুড়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন। এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদর নেতৃত্বে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখে প্রধানমন্ত্রী তার বহনকারী বাস থামিয়ে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন।
পরে ধর্মমন্ত্রী কায়কোবাদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মুহূর্তেই পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে হাজারো মানুষ তার বহরের চারপাশে ভিড় করেন। স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ইলিয়টগঞ্জ মহাসড়ক এলাকা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এত বড় রাজনৈতিক জমায়েত ও নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়েছে বলেও তারা উল্লেখ করেন।