মাদারীপুরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৬৫ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় তিন শিশুসহ নতুন করে ৩২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে ১৪ জন।
শুক্রবার সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে জেলার সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালে মোট ৩৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর অবস্থার কারণে ৩৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে আলাদা একটি ইউনিট খোলা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, “শিশুদের শরীরে হামের কোনো উপসর্গ দেখা দিলে ভয় না পেয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসতে হবে। পাশাপাশি শিশুদের পর্যাপ্ত তরলজাত খাবার খাওয়াতে হবে।”
তিনি আরও জানান, হামের প্রতিরোধে প্রয়োজনীয় টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। তাই সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব।
এদিকে হঠাৎ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, দ্রুত চিকিৎসা ও সচেতনতা বাড়ানো গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।