চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অধিকার আদায়ের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বুলেট।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চৈতন্য দেব বর্মন, বাসুদেব বর্মন, বিপেন মাহতু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মোবারক রেজা এবং নাচোল মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক রোজী শাহানাজসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের বিভিন্ন অধিকার নিশ্চিত করতে ৬ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—উপজেলা চত্বরে ৭ জন বীরশ্রেষ্ঠের স্মৃতিস্তম্ভের পাশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকা অনুযায়ী ৪৫ জন বীর মুক্তিযোদ্ধার নামফলক স্থাপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাবি প্রকৃত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের কাছে হস্তান্তর এবং জেলা পরিষদের জায়গায় মুক্তিযোদ্ধাদের নিজস্ব অর্থায়নে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন নতুন করে লিজের মাধ্যমে বুঝিয়ে দেওয়া।
এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্বাচন না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য যাচাই-বাছাই সাপেক্ষে ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন, বিআরডিবি/আরডিও অফিসে বরাদ্দকৃত ৯ লাখ ৮০ হাজার টাকার ঋণ শুধুমাত্র প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে বিতরণ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সমবায় সমিতি শুধুমাত্র নাচোল উপজেলার মুক্তিযোদ্ধাদের মাধ্যমে গঠন করে সরকারি পুকুর লিজে সহযোগিতা প্রদানের দাবিও জানানো হয়।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।