ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন-এর সাবেক সম্পাদক সঞ্জিত মজুমদার-এর মৃত্যুতে শোক জানিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আধাবেলা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার এবং বন্দরের অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন।
তিনি জানান, ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত মজুমদার, যিনি ‘সনো দা’ নামে পরিচিত ছিলেন, গত মঙ্গলবার রাত আনুমানিক দুইটার দিকে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বৃহস্পতিবার আধাবেলা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও বন্দরে পণ্য খালাস ও প্রশাসনিক কার্যক্রমের কিছু অংশ চালু রয়েছে। আধাবেলা পর পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে বলেও আশা করা হচ্ছে।