শ্রীপুরে অটোচালকের গলাকাটা ম’র’দে’হ উদ্ধার

শ্রীপুর প্রতিনিধি, টিপুসুলতান   প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে উপজেলার একটি জঙ্গলের পাশে মরদেহ ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।

আজ সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত মেহেদী হাসান আসিফ ওই এলাকার মো. হুমায়ুন আহমেদ জাকির-এর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। প্রতিদিন রাত ১১টার মধ্যে বাড়ি ফিরলেও ওইদিন আর ফেরেননি। পরে পরিবারের লোকজন তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

নিহতের মা আছমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সহকর্মী চালকদের সঙ্গে যোগাযোগ করেও ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ভোরে বাড়ির কাছাকাছি একটি নির্জন স্থানে তাঁর অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।