চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পশি জিনপিং-এর বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে গ্রেট হল অব দ্য পিপল-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনা সংবাদমাধ্যম CCTV জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারাও অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মার্কো রুবিও, পিট হেগসেথ, জেমিসন গ্রিয়ার এবং স্কট বেসেন্ট

সম্প্রতি বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রচীন-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েন বৃদ্ধি পায়। বিশেষ করে সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শুল্ক আরোপ এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে দুই দেশের অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করে। এমন প্রেক্ষাপটে এই উচ্চপর্যায়ের বৈঠককে সম্ভাব্য নতুন সমঝোতার উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এছাড়া বৈঠকে ইরান পরিস্থিতি, সামুদ্রিক নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে এশিয়ায় তেল ও এলএনজি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে উভয় দেশের উদ্বেগ আলোচনায় গুরুত্ব পেতে পারে।

বৈঠকের শুরুতে শি জিনপিং বলেন, “সারা বিশ্ব আমাদের এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। বর্তমানে বিশ্ব এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা গত এক শতাব্দীতে দেখা যায়নি। আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল ও অস্থির।”

অন্যদিকে ট্রাম্প বলেন, “আমরা সবসময় সমস্যার সমাধান করেছি। যখনই কোনো জটিলতা তৈরি হয়েছে, আমরা দ্রুত যোগাযোগ করেছি এবং সমাধানে পৌঁছেছি।”

এর আগে বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।