অনলাইন জুয়া পরিচালনাকারী বিদেশি চক্র ধরা, রিমান্ডে ৬ চীনা নাগরিক

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

অনলাইন জুয়া ও অর্থপাচারের সঙ্গে যুক্ত একটি বড় বিদেশি চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার টিম। অভিযান চালিয়ে চক্রটির ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন চীনা নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আমিনুল ইসলাম জুনাইদ তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার টিম দক্ষিণ বিভাগের উপপরিদর্শক মো. রাশেদুল ইসলাম আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন এম এ জি, ঝাং জিয়াহাও, লিও জিঞ্জি, ওয়াং শিবো, চাং তিয়ানতিয়ান, জেমস ঝু, মো. কাউসার হোসেন ও মো. আব্দুল কারিম।

এর আগে বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবির সাইবার টিমের উপপরিদর্শক সুব্রত দাশ বাদী হয়ে রমনা মডেল থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, নিয়মিত সাইবার নজরদারির সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার প্রচারণা ও অবৈধ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। এই চক্র সাধারণ মানুষকে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।

পরে সেই অর্থ বিদেশে পাচার করা হতো বলেও অভিযোগ করা হয়েছে। অভিযানে তিনটি ৬৪ পোর্ট, একটি ২৫৬ পোর্ট এবং একটি ৮ পোর্ট বিশিষ্ট জিএসএম সিম মডিউল বা ভিওআইপি গেটওয়ে জব্দ করা হয়। পাশাপাশি ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ ও স্মার্টফোনও উদ্ধার করেছে ডিবির অভিযানিক দল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, সহজে মানুষকে প্রলুব্ধ করা যায় বলেই বিদেশি চক্রগুলো বাংলাদেশকে টার্গেট করছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ দ্রুত দেশের বাইরে পাচার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।