সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের পাশে প্রবাসী সাজু

দেওয়ানগঞ্জ প্রতিনিধি,লাবলু মিয়া প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর বীরগাঁও মাদ্রাসা বাড়ির সোবহানিয়া হাফিজিয়া এতিমখানার অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সাউথ আফ্রিকা ও মরিশাস প্রবাসী সাজু।

দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে থেকেও সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন বলে জানা যায়। সম্প্রতি প্রচণ্ড গরমে এতিমখানার কোমলমতি শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়লে সেখানে তিনটি ফ্যানের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এতিমখানার পক্ষ থেকে বিষয়টি সাংবাদিক আলীমজনু বাবুর মাধ্যমে প্রবাসী সাজুর কাছে পৌঁছালে তিনি দ্রুত সাড়া দেন এবং তাৎক্ষণিকভাবে তিনটি ফ্যান উপহার দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে ফ্যানগুলো পৌঁছে দেওয়া হয়।

ফ্যানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মণ্ডল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তারা এতিমখানার হুজুরের হাতে ফ্যানগুলো তুলে দেন।

সহায়তা পেয়ে এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, গরমের কষ্ট কিছুটা লাঘব হওয়ায় এখন শিক্ষার্থীরা স্বস্তিতে পড়াশোনা করতে পারছে।

এতিমখানার পক্ষ থেকে প্রবাসী সাজু ভাইয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। স্থানীয়রা মনে করেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।