শিবচরে রান্নাঘরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

শিবচর প্রতিনিধি, সাইফুল ইসলাম প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরীনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে শিবচর পৌর এলাকার চরশ্যামাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরীনা বেগম ওই এলাকার আলমগীর ঢালীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাঘরের পাশে মর্টার চালানোর সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরীনা বেগমের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।