সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লংমার্চ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারী।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত কলেজছাত্র মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার কার্যকর উদ্যোগ নিতে না পারে, তাহলে তারা সীমান্তের দিকে লংমার্চ কর্মসূচি দেবেন। প্রয়োজনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, সরকার যদি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে পরিস্থিতি আরও কঠোর আন্দোলনের দিকে যাবে। এনসিপি নেতা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ প্রবাহ বাড়ছে, যা বাংলাদেশের তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বৃদ্ধি পেয়েছে, অথচ এর প্রভাব বাংলাদেশে পড়ছে।
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, দেশে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা কীভাবে প্রবেশ করছে—এর জবাব সরকারকে দিতে হবে। নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ না করতে পারলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। নাগরিক নিরাপত্তা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, কসবায় যাওয়ার পথে তাকে চলাচলে বাধার মুখে পড়তে হয়েছে এবং নির্দিষ্ট সংখ্যার বেশি লোক নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি অভিযোগ তোলেন। এর আগে তিনি সীমান্তে নিহত মোরসালিনের পাশাপাশি নবীর হোসেনের কবরও জিয়ারত করেন।