শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চালুর পরিকল্পনা করছে সরকার। টার্মিনালটি চালু হলে দেশের এভিয়েশন খাতে নতুন এক যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রীতা।

তিনি বলেন, থার্ড টার্মিনাল চালুর মাধ্যমে দেশের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমানে টার্মিনালটি চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রমও চলমান আছে। মন্ত্রী আরও বলেন, নতুন এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে। বিশেষ করে ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং এবং বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে, যা আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতা আরও বাড়াবে।

তিনি জানান, বিমান চলাচলের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। যাত্রী চাহিদার কথা বিবেচনায় রেখে একটি মিক্সড ফ্লিট গঠনের চিন্তাভাবনা চলছে। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যাত্রীসেবার মান আরও উন্নত হবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি আরও শক্ত অবস্থানে যেতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান এবং সদস্য সচিব ইমন চৌধুরীসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। তারা এভিয়েশন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। মন্ত্রীবৃন্দ এসব প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন। সব মিলিয়ে থার্ড টার্মিনাল চালুর এই উদ্যোগ দেশের বিমান পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক যাত্রী ও বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ ও গতিশীল করবে।