প্রধানমন্ত্রী তারেক রহমানর সঙ্গে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন তারা।

রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশকে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও দেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ওআইসি সদস্য দেশগুলোর এই সমর্থন ও সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ও জনগণের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ওআইসি ভুক্ত দেশগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে, যা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ওআইসি সদস্য দেশগুলোর সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের কথা স্মরণ করে বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি দেশগুলোর কার্যকর সমর্থন প্রত্যাশা করেন তিনি।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।