নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন বিদেশি জ্বালানি আমদানি করব: জ্বালানি মন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২৬

“দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশ থেকে জ্বালানি আমদানি করব?”—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে দেশের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহারের দায়িত্ব বর্তমান সরকারের।

মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা টুকু বলেন, প্রধানমন্ত্রী মনে করেন এটি জনগণের সরকার। তাই দেশের অভ্যন্তরীণ জ্বালানি সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণ ও ব্যবহারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এ ক্ষেত্রে সব পক্ষের মতামত ও সম্মতি নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে দেশে একটি “ফ্যাসিস্ট সরকার” ক্ষমতায় ছিল, যারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা বাড়িয়েছে। তবে বর্তমান সরকার সেই নীতির পরিবর্তন করে নিজস্ব সম্পদ আহরণে জোর দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সরকার সবাইকে সঙ্গে নিয়ে একটি টেকসই ও গ্রহণযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। “আমরা চাই সবাইকে সঙ্গে নিয়ে, সবাইকে সন্তুষ্ট করে দেশের নিজস্ব জ্বালানি সম্পদ আহরণ করতে,”—বলেন উপদেষ্টা টুকু।

এর আগে তিনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব সভায় চলমান কার্যক্রম, উৎপাদন পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ সময় সমাজকল্যাণ উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে উপদেষ্টা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।