বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন, গবেষণার প্রসার, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার রূপান্তর নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর সেদিন তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশ নিলেন তিনি।
কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব অধিবেশনে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণায় বিনিয়োগ, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা মতামত তুলে ধরবেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের উচ্চশিক্ষা খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।