টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রোমাঞ্চকর মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে সিরিজে এগিয়ে যাওয়ায় টিম টাইগার্সকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) শ্বাসরুদ্ধকর এই টেস্টে পঞ্চম দিনের শেষ সেশনে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে সিরিজে গুরুত্বপূর্ণ লিড নেয় স্বাগতিক বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তানের সামনে ২৬৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এতে ১০৪ রানের দারুণ জয় তুলে নেয় শান্ত-লিটনের দল। এর আগে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টেস্ট জিতেছিল বাংলাদেশ, তবে সেগুলো ছিল পাকিস্তানের মাটিতে। এবার দেশের মাটিতে সেই সাফল্য পুনরাবৃত্তি করল টাইগাররা, যা সিরিজে তাদের টানা তৃতীয় টেস্ট জয়।

এই জয়ে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এটি দেশের ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত। আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ, যেখানে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।