চলতি বছরের আলিম পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো অবস্থাতেই কেন্দ্রস্থিত মাদরাসার শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
সোমবার (১১ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম ও অসদুপায় রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব উপজেলায় মাত্র একটি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেসব ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এ ক্ষেত্রে দুটি উপায়ে পরীক্ষা আয়োজনের সুযোগ রাখা হয়েছে।
প্রথমত, কেন্দ্রস্থিত মাদরাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো মাদরাসা কেন্দ্রে স্থানান্তর করা যেতে পারে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট উপজেলার অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে—যা মাদরাসা নয়—কেন্দ্র প্রতিস্থাপন করে সেখানে সব পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা যেতে পারে। মাদরাসা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, চলতি বছরের আলিম পরীক্ষায় কোনো ধরনের উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ নির্ধারিত মূল কেন্দ্রেই পরীক্ষা আয়োজন করতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্ত পরীক্ষার পরিবেশ আরও সুশৃঙ্খল ও নিরপেক্ষ করতে সহায়ক হবে। একই সঙ্গে কেন্দ্রভিত্তিক অনিয়ম, প্রশ্নফাঁস ও নকলের প্রবণতা কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বোর্ডের কর্মকর্তারা জানান, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে স্থানীয় প্রশাসন, কেন্দ্র সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদেরও নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।