আন্তর্জাতিক নার্স দিবস আজ 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।

এ বছরের নার্স দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নার্সদের পেশাগত মর্যাদা, দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

নার্স দিবস উপলক্ষে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভা। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ৮টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নার্সরা অংশগ্রহণ করেন।

দিনটির অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হচ্ছে আলোচনা সভা, যা আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভায় সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি জাহানারা পারভীন। অনুষ্ঠানে নার্সিং পেশার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে নার্স দিবস পালন করে আসছে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শুরুতে সীমিত পরিসরে পালিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর পরিসর ও গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে দিনটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করা হচ্ছে।

স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। রোগীদের সেবায় তাদের নিরলস পরিশ্রম ও মানবিক ভূমিকা চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলেছে। আন্তর্জাতিক নার্স দিবস তাই কেবল একটি উদযাপন নয়, বরং নার্সদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।