অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটারের জন্য গাড়ি ঘোষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটে নতুন চমক নিয়ে এসেছে তামিম ইকবাল নেতৃত্বাধীন বর্তমান অ্যাড-হক কমিটি। দেশীয় ক্রিকেটারদের আরও অনুপ্রাণিত করতে এবার সিরিজসেরা বাংলাদেশি ক্রিকেটারের জন্য রাখা হয়েছে বিলাসবহুল চেরি গাড়ির পুরস্কার।

এর আগে নিউজিল্যান্ড ও চলমান পাকিস্তান সিরিজে পারফর্মারদের জন্য বাড়তি প্রণোদনা হিসেবে মোটরসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার পুরস্কারের পরিধি আরও বাড়িয়ে গাড়ি পর্যন্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার মিরপুরে বিসিবি ও চেরি ব্র্যান্ডের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সর্বোচ্চ পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটারকে একটি চেরি গাড়ি উপহার দেওয়া হবে।

তামিম ইকবাল বলেন, “সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে, সেখানে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দেবে চেরি।” তিনি আরও বলেন, চেরির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া ইতিবাচক অগ্রগতি। তার মতে, সাম্প্রতিক সময়ে বিসিবির ভাবমূর্তি পুনর্গঠনে এমন অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তামিম স্মৃতিচারণ করে আরও বলেন, এর আগেও বাংলাদেশ ক্রিকেটে এমন পুরস্কারের নজির রয়েছে। প্রায় দুই দশক আগে দেশের প্রথম টেস্ট জয়ের সময় এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যেখানে তার ভাই নাফিস ইকবাল পুরস্কার পেয়েছিলেন। দীর্ঘ সময় পর আবার এমন উদ্যোগ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হবে বলেও তিনি মন্তব্য করেন।

স্পন্সরদের আগ্রহ বৃদ্ধি প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, এটি ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সফলতা। স্পন্সরদের আস্থা ও সহযোগিতাই ক্রিকেটের উন্নয়নে বড় ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

সব মিলিয়ে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেটারদের জন্য থাকছে বাড়তি অনুপ্রেরণার নতুন মাত্রা, যা পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে ক্রিকেট সংশ্লিষ্টরা।