চার বছর পরপর হামের টিকা দেওয়ার কথা থাকলেও ২০২০ সালের পর সেই কার্যক্রম নিয়মিতভাবে চালু না থাকায় বর্তমানে দেশে হাম পরিস্থিতি জটিল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার সকালে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যেসব শিশু ইতোমধ্যে হামের টিকা পেয়েছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে প্রায় চার সপ্তাহ সময় লাগে। এই সময় পার হওয়ার পরই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।
তিনি আরও জানান, সরকারের হাতে পর্যাপ্ত টিকা মজুত না থাকায় শুরুতে সংকট তৈরি হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।এর আগে একই দিন সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি প্রথমে টিকিট কাউন্টার ঘুরে দেখেন। এ সময় দায়িত্বে থাকা এক কর্মীকে অনুপস্থিত পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেন।
পরে মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের হাজিরা খাতা পর্যালোচনা করেন এবং বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসা সেবার মান, জনবল উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হবে। রোগীরা যেন যথাসময়ে সেবা পান, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে বলেও তিনি উল্লেখ করেন।