শার্শায় বোরো ধানের বাম্পার ফলন, আনন্দে মাতোয়ারা কৃষক

বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬

যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নে বোরো ধান কাটাকে ঘিরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। মাঠের পর মাঠ সোনালী ধানে ভরে উঠেছে, আর সেই ধান কাটতে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। ধান কাটা, মাড়াই ও গোলায় তোলার কাজে দিন-রাত পরিশ্রম করছেন তারা।

বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের কৃষক রাজু আহমেদ জানান, চলতি মৌসুমে আবহাওয়া কিছুটা বৈরী থাকলেও ধানের ফলন আশানুরূপ হয়েছে। তিনি বলেন, “আগামী কয়েকদিন আবহাওয়া ভালো থাকলে কোনো ঝামেলা ছাড়াই ধান ঘরে তুলতে পারবো।”

কৃষকদের ভাষ্য, শুধু ধান নয়, অন্যান্য ফসলের উৎপাদনও এ বছর ভালো হয়েছে। এতে তারা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। তবে প্রাকৃতিক দুর্যোগ বা অতিবৃষ্টি না হলে পুরো ফসল নিরাপদে ঘরে তোলা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

ধান কাটার মৌসুমকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ। ভালো ফলনের কারণে কৃষকদের মুখে এখন স্বস্তি ও আনন্দের হাসি, পাশাপাশি আর্থিক অবস্থার উন্নতির স্বপ্নও দেখছেন তারা।