শার্শায় কাভার্ড ভ্যান–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নি’হ’ত

শার্শা প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬

যশোরের শার্শা-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে শার্শা থানাধীন খাজুরা এলাকার কবির ইটভাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) এবং উলাশী থেকে নাভারনগামী একটি মোটরসাইকেল (সাতক্ষীরা হ-১৩-৮১৬৬) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহীনুর রহমান নিহত হন। তিনি শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তোজাম্মেল হোসেন (৪২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি একই উপজেলার উলাশি এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করে।

নাভারন হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র জানান, এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।