লালমনিরহাটে বেকার তরুণ-তরুণীদের জন্য বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান PRAN-RFL Group। সোমবার (১১ মে) জেলা স্টেডিয়ামে আয়োজিত দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’-এ সরাসরি নিয়োগের মাধ্যমে প্রায় ১ হাজার জনকে চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে আয়োজিত এ মেলায় সকাল থেকেই চাকরিপ্রত্যাশীদের ব্যাপক ভিড় দেখা যায়। স্টেডিয়াম প্রাঙ্গণ পরিণত হয় তরুণ-তরুণীদের মিলনমেলায়। আয়োজকরা জানান, দুপুর পর্যন্ত প্রায় ৩ হাজার প্রার্থী নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই ও ভাইভা পরীক্ষার মাধ্যমে যোগ্যদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বেকারত্ব দূর করতে হলে দক্ষতা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের বৃহৎ নিয়োগ কার্যক্রম আয়োজনের জন্য PRAN-RFL Group-কে ধন্যবাদ জানান এবং তরুণদের আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক এবং পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিক্রুটমেন্ট হেড নূরুল আলম খান ও নাফিস ইনদালিব অর্নব।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত PRAN-RFL Group বর্তমানে দেশ-বিদেশে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। লালমনিরহাটে এই চাকরি মেলা বেকারত্ব হ্রাসে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।