বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ মে) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ২০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৩০ ডলারে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের প্রস্তাব “সম্পূর্ণ অগ্রহণযোগ্য”।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া পাল্টা প্রস্তাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত রাখা হয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। অথচ বিশ্বে পরিবাহিত মোট তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ ক্রমেই বাড়ছে।

এ পরিস্থিতিতে তেলের মূল্যবৃদ্ধির সুফল পাচ্ছে বড় জ্বালানি কোম্পানিগুলো। সৌদি আরবের আরামকো জানিয়েছে, তাদের আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। একইভাবে ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান বিপি ও শেলও চলতি বছরে মুনাফা বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা এবং হরমুজ প্রণালির সংকট দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।