চাঁদপুরের কচুয়া উপজেলায় আকস্মিক বজ্রপাতে পদ্মারানী (৫৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে নারায়ণ (৩০) আহত হয়েছেন। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের জমিতে শুকানো ধান আনতে মা ও ছেলে একসঙ্গে যান। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে শুরু হয় বৃষ্টি। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হলে দু’জনই ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পদ্মারানীকে মৃত ঘোষণা করেন। আহত নারায়ণকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিহত পদ্মারানী ওই এলাকার মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী। স্থানীয়দের কাছে তিনি একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের নারী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে হঠাৎ বজ্রপাতের ঝুঁকি অনেক বেড়ে যায়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার পূর্বাভাস দেখে কৃষিকাজে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় গ্রামীণ জনপদে শোকের পাশাপাশি নিরাপদ কৃষিকাজ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।