নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ খায়রুল ইসলাম প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন অফিস-এর সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ওষুধ কোম্পানির প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য তোফায়েল আহমেদ জুয়েল, জেলা বিসিডিএস সভাপতি রেজাউল করিম, সদর থানা ফারিয়ার সভাপতি বুলবুল মিয়া মানিক, ম্যানেজার ফোরামের সদস্য মাইনুল ইসলাম এবং জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন

বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ হাসপাতালের দালালবিরোধী অভিযানের সময় যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আটক করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

তারা দাবি করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের পাশাপাশি সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে। মানববন্ধন থেকে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।