ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ ব্যবস্থায় কঠোর নতুন নির্দেশনা জারি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত এলাকার প্রতিটি বাসা বা ফ্ল্যাট থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকার বেশি বিল আদায় করা যাবে না। পাশাপাশি প্রতিদিনের ময়লা প্রতিদিন সংগ্রহ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান (পিসিএসপি)-এর লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার (১১ মে) ডিএসসিসির নগর ভবন অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, অতিরিক্ত বিল আদায় এবং নিয়মিত ময়লা সংগ্রহ না করার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরিবার থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা বিল নিতে হবে এবং অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে তা আদায় করতে হবে। একই সঙ্গে প্রতিদিন উৎপন্ন বর্জ্য একই দিনে অপসারণ নিশ্চিত করতে হবে, কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না। সভায় আরও জানানো হয়, ঈদুল আজহার সময় বিশেষ পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। ঈদের তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা কর্মকর্তা ছুটি নিতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড পুরোপুরি বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে মাঠে থাকতে হবে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, পিসিএসপি প্রতিষ্ঠানগুলোকে সরাসরি মাঠে থেকে কাজ তদারকি করতে হবে এবং পর্যাপ্ত জনবল ও যানবাহন নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে দায়িত্ব পালন করতে হবে এবং নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি বাসা থেকে ময়লা নির্ধারিত স্থানে না ফেলে রাস্তা বা খালে ফেলে, তাহলে সংশ্লিষ্ট বাসার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালানো হবে।
ডিএসসিসির মতে, বর্জ্য ব্যবস্থাপনা শুধু একটি সেবা নয়, বরং এটি নাগরিক শৃঙ্খলা ও মানবিক দায়িত্বের অংশ। চুক্তির শর্ত ভঙ্গ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।