এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বৃষ্টির আশঙ্কা থাকায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হতে পারে। তাই যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সবসময় আন্তরিকভাবে কাজ করে থাকে। এবার বিশেষভাবে পোশাকশ্রমিকদের ছুটি ধাপে ধাপে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে তিন থেকে চার দিনের মধ্যে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং গার্মেন্টস মালিকদের সংগঠনও বিষয়টি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে।

তিনি আরও জানান, অতীতে একসঙ্গে ছুটি দেওয়ার কারণে চাপ বেড়ে গিয়ে বড় ধরনের যানজট তৈরি হয়েছিল। গত বছর একদিনেই গাজীপুরসহ আশপাশের এলাকায় প্রায় ১০ থেকে ১৫ লাখ যাত্রীর চাপ সৃষ্টি হয়, যা ঈদযাত্রাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার আগেভাগেই সমন্বিতভাবে ছুটি ব্যবস্থাপনা করার চেষ্টা চলছে, যাতে শেষ মুহূর্তে অতিরিক্ত চাপ না পড়ে।

সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় মানুষ দ্রুত বাড়ি ফিরতে চায়, ফলে অনেকেই নিয়ম না মেনে রাস্তার ওপর থেকেই যানবাহনে ওঠার চেষ্টা করেন। এতে যানজট, দুর্ঘটনা ও ভাড়া নিয়ন্ত্রণে সমস্যা তৈরি হয়। এসব নিয়ন্ত্রণে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি আরও সতর্ক করে বলেন, এবার বৃষ্টির আশঙ্কা থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী বৃষ্টি হলে যানজট বাড়ে এবং নিরাপত্তা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে পড়ে।

ফেরি পারাপার ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, এবার যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বাস ফেরিতে ওঠার আগে যাত্রী নামিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্ট ব্যারিকেড ব্যবস্থা থাকবে। পাশাপাশি সদরঘাট এলাকায় বোট বা স্পিডবোট থেকে সরাসরি লঞ্চে ওঠা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হবে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানান সেতুমন্ত্রী।