ঈদে গার্মেন্টসকর্মীদের ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গার্মেন্টস কারখানাগুলোতে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। হঠাৎ ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি কার্যকর করার মাধ্যমে ঈদযাত্রায় শৃঙ্খলা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ঈদুল ফিতরের সময় একসঙ্গে গার্মেন্টস ছুটি ঘোষণা করায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই পরিকল্পিতভাবে গার্মেন্টস ছুটি কার্যক্রম সাজানো হচ্ছে, যাতে শ্রমিকদের একযোগে চাপ না পড়ে এবং যাত্রা নির্বিঘ্ন হয়।

তিনি আরও জানান, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। গত ঈদে সড়কে যেসব সমস্যা ও অনিয়ম দেখা গিয়েছিল, সেগুলো চিহ্নিত করে এবার তা নিরসনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এসব মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের ফিটনেস, লাইসেন্স, অতিরিক্ত ভাড়া আদায় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

তিনি আশা প্রকাশ করেন, সময়মতো পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে এবার ঈদযাত্রা তুলনামূলকভাবে নিরাপদ, স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ হবে।সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি, যাতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখা সম্ভব হয়।