আইসিসি থেকে বড় সুখবর পেল টাইগাররা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬

সবশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হারানোর পর আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়েও নবম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। এতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের দৌড়ে টিকে থাকল টাইগাররা।

সোমবার (১১ মে) বার্ষিক হালনাগাদের পর নতুন ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৪, যা তাদের অবস্থান নবম স্থানে ধরে রেখেছে। দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সাম্প্রতিক পারফরম্যান্স এই অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে।

র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের ঠিক নিচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যাদের রেটিং পয়েন্ট ৭৪। দুই দলের ব্যবধান এখন ১০ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের চেয়ে কিছুটা বেড়েছে। ফলে সরাসরি বিশ্বকাপ খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে আরও নিরাপদ হয়েছে বলে মনে করা হচ্ছে।

আইসিসির তালিকায় শীর্ষে রয়েছে ভারত, যাদের রেটিং পয়েন্ট ১১৮। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড (১১৩) এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (১০৯)। শীর্ষ তিন দলই তাদের অবস্থান ধরে রেখেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে থেকে খেলা ম্যাচগুলো ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ফলাফল ৫০ শতাংশ হারে গণনা করে র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। তবে দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থাকায় নবম স্থানে থাকা দলটির জন্যও সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের জন্য নবম স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই আগামী সিরিজগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সই নির্ধারণ করবে টাইগারদের বিশ্বকাপে সরাসরি খেলার ভবিষ্যৎ।