হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭ জন এবং হামে আক্রান্ত হয়ে ৪ জনসহ মোট ১১ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে মোট ৬৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহজনক কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এছাড়া ওই সময়ের মধ্যে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৮১৯ জনে পৌঁছেছে। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি—প্রায় ৪৯ হাজার ১৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের সন্দেহে ৩৪ হাজার ৯০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ হাজার ৮৬২ জন।

চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বিস্তার নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিশুদের টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা সতর্ক করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে।