মুখ্যমন্ত্রী হয়েই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা থালাপতির

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬

দক্ষিণ ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় এনে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। শনিবার (১০ মে) শপথ গ্রহণের মাধ্যমে তিনি রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। শপথের পরপরই প্রথম ভাষণে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, যা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই থালাপতি বিজয় ঘোষণা করেন, রাজ্যের নিম্ন ও মধ্যবিত্ত নাগরিকদের জন্য বিদ্যুৎ খাতে বড় ধরনের সুবিধা দেওয়া হবে। তার ঘোষণায় বলা হয়, যেসব পরিবার মাসে ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করে, তাদের ২০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দেওয়া প্রথম ভাষণে তিনি শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি সরবরাহ, কৃষক ও জেলেদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন এবং মাদকবিরোধী কঠোর অবস্থান নেওয়ার কথা জানান।

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। একজন সহকারী পরিচালকের ছেলে হিসেবে অনেক কঠিন সময় পার করেছি। দারিদ্র্য ও সংগ্রামের মধ্য দিয়েই আমি বড় হয়েছি।” তিনি আরও বলেন, জনগণ তাকে যেভাবে গ্রহণ করেছে, তিনি তাদের সন্তান ও ভাইয়ের মতো হয়ে কাজ করবেন।

তিনি নীতিগত অবস্থান তুলে ধরে বলেন, যে কাজ বাস্তবায়ন সম্ভব নয়, সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেওয়া হবে না। একই সঙ্গে তিনি তামিলনাড়ুর রাজনীতিতে “বাস্তবতার নতুন যুগ, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার” প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নতুন সরকার গঠনে সহযোগিতা করার জন্য কংগ্রেসকে ধন্যবাদ জানান বিজয়।

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সফলতা কামনা করেন বলে জানা গেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন জনপ্রিয় চলচ্চিত্র তারকার এভাবে রাজ্যের শীর্ষ পদে আসীন হওয়া এবং একসঙ্গে সামাজিক কল্যাণমূলক বড় ঘোষণা দেওয়া তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।