মাদারগঞ্জ টু সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন

মো: আনিছুর রহমান শাহীন, মাদারগঞ্জ প্রতিনিধি প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬

বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ নৌপথের পরিবর্তে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টায় বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে “সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদারগঞ্জ ও সারিয়াকান্দি উপজেলার প্রায় পাঁচ লাখ ভোটার দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ নদীপথ ব্যবহার করে যাতায়াত করছেন। দুই উপজেলার মানুষের বহুদিনের প্রাণের দাবি হচ্ছে মাদারগঞ্জের জামথল ঘাট থেকে সারিয়াকান্দির কালিতলা ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বক্তব্য দেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, বেলাল হোসেন, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকির, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুখলেস, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন এবং শিক্ষক নেতা মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি।

এছাড়াও ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ হলে দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি অর্থনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তারা দ্রুত সময়ের মধ্যে সরকারকে এ দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।