রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। রোববার (১০ মে) সকাল ৯টার পর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পরে তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের অংশগ্রহণে আয়োজিত সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। প্যারেডে অংশ নেওয়া বিভিন্ন ইউনিটের সদস্যরা কুচকাওয়াজ, কসরত ও শৃঙ্খলাপূর্ণ প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। ফলে এবারের আয়োজন ঘিরে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৩ মে পর্যন্ত চলবে। এ সময় পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, জনসেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন আলোচনা ও কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।