রাজধানী ঢাকার প্রধান সড়কগুলোতে এবার ট্রাফিক নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা। স্বয়ংক্রিয় এই ব্যবস্থায় ট্রাফিক আইন ভঙ্গ করলেই তাৎক্ষণিকভাবে শনাক্ত হচ্ছে যানবাহন, পাশাপাশি সরাসরি মালিকের বিরুদ্ধে মামলা পাঠানো হচ্ছে।
ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সিগন্যাল পয়েন্ট— বাংলামোটর, সোনারগাঁও মোড়, কারওয়ান বাজার এবং বিজয় সরণি এলাকায় বিশেষ এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এআই সিস্টেমটি বিশেষভাবে পাঁচটি সাধারণ ট্রাফিক ভুলের ওপর নজর রাখছে। এগুলো হলো— লাল সংকেত অমান্য করা, স্টপ লাইনের বাইরে গাড়ি থামানো, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং করা এবং যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো।
কোনো যানবাহন এসব নিয়ম ভঙ্গ করলে তা সঙ্গে সঙ্গে ক্যামেরায় ধরা পড়ে এবং স্বয়ংক্রিয়ভাবে মামলা জারি করা হয়। পরে তা সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে বা নিবন্ধিত ঠিকানায় নোটিশ আকারে পাঠানো হচ্ছে। এরপর নির্ধারিত ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হচ্ছে চালকদের।
ট্রাফিক বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, এআই-ভিত্তিক এই প্রযুক্তি ব্যবহারের ফলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে এবং ট্রাফিক আইন মানার প্রবণতা বাড়বে। তারা আশা করছেন, আধুনিক এই নজরদারি ব্যবস্থা রাজধানীর যানজট ও দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।