চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে ‘চট্টগ্রাম মহিলা ক্লাব লিমিটেড’। সংগঠনটির উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও নলকূপ বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) সকালে মুনিরা মোজাহের হোসনে আজিজ ফাউন্ডেশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজ গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহিলা ক্লাবের প্রেসিডেন্ট হোসনে আরা আজিজ। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীল হতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের জেনারেল সেক্রেটারি সাবেরা সারওয়ার নিনা, সহ-জেনারেল সেক্রেটারি নাহিদ ফরমান চৌধুরী, ট্রেজারার সালমা আশরাফসহ কার্যনির্বাহী সদস্য সাহেদা চৌধুরী, রওশন আরা কামাল, রাবিয়া চৌধুরী, হাসনা রিয়াজ ও আফরিন মহিউদ্দিন।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসচ্ছল পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন, নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে নলকূপ বিতরণ করা হয়। চট্টগ্রাম মহিলা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।