ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মুরসালিন। তিনি ওই এলাকার হেবজু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে একদল ব্যক্তি সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিহতের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। আহতদের স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত সদস্যরা জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো স্পষ্ট তথ্য বা আনুষ্ঠানিক অভিযোগ তারা পাননি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।