চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। গত শুক্রবার (৮ মে) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর একটি সংবেদনশীল ও আলোচিত এলাকা হিসেবে পরিচিত। অতীতে এলাকাটি সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছিল এবং ‘রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র’-এর মতো পরিস্থিতির কথাও শোনা গেছে। এমনকি র্যাব সদস্য হত্যার মতো ঘটনাও এখানে ঘটেছে। তিনি জানান, সন্ত্রাস নির্মূলের পরিকল্পনা নিয়েই তিনি কাজ শুরু করতে চান।
তিনি আরও বলেন, এলাকায় একটি “ফেয়ারনেস এনভায়রনমেন্ট” গড়ে তোলা হবে, যাতে এখানকার বাসিন্দারা দেশের অন্যান্য অঞ্চলের মানুষের মতো শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং যেকোনো ধরনের বাধা কঠোরভাবে দমন করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়েকটি সন্ত্রাসী চক্র সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড় কাটা, পরিবেশ ধ্বংসসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। এছাড়া এলাকায় ইয়াবা ব্যবসা, অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার অভিযোগও রয়েছে।
পরিদর্শনকালে এসপি মাসুদ আলম বিভিন্ন পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন এবং দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। ভবিষ্যতে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন তিনি।
এ সময় সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে তিনি সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন করেন। পরে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে সবার সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও নিরাপদ সীতাকুণ্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।