কলেজছাত্রের বানানো স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মে, ২০২৬

রাজধানীতে এক কলেজছাত্র ও শারীরিক প্রতিবন্ধী ওয়াকিমুল ইসলামের তৈরি করা স্মার্ট কার পরিদর্শন ও তাতে চড়ে উৎসাহ দিয়েছেন তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়াকিমুল ইসলাম নিজের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে বিশেষ একটি স্মার্ট কার তৈরি করেছেন। ব্যক্তিগত চলাচল সহজ করার লক্ষ্যেই তিনি এ যানটি উদ্ভাবন করেন, যা তরুণদের উদ্ভাবনী চিন্তার একটি অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

পরিদর্শনের সময় তারেক রহমান স্মার্ট কারটি ঘুরে দেখেন এবং এতে চড়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা নেন। তিনি তরুণ উদ্ভাবকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে যেতে উৎসাহ দেন।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকে ছিলেন।

ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ ধরনের উদ্ভাবন তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত কর্মকর্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ওয়াকিমুল ইসলামের এ অর্জন অনুপ্রেরণাদায়ক। স্মার্ট কারটি পরিদর্শন শেষে অতিথিরা এর প্রযুক্তিগত দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।