পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে লালমনিরহাট সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ও গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। শনিবার (৯ মে) ১৫ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’-এর আশঙ্কা বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং স্থানীয়দের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ভারত থেকে অবৈধভাবে গরু পাচার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। মাদক ও অন্যান্য চোরাচালানবিরোধী অভিযানের পাশাপাশি সীমান্ত দিয়ে গবাদিপশু প্রবেশ রোধে ২৪ ঘণ্টা নজরদারি ও বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা ভবিষ্যতেও চলমান থাকবে।