সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পরিবেশে সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে- এমপি জাহান্দার আলী

(প্রণব কুমার সাহা) মাদারীপুর জেলা প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মে, ২০২৬

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেছেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গত বৃহস্পতিবার দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলারাজৈর উপজেলা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় সংসদ সদস্য বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সেবার মান, কার্যক্রম এবং জনসাধারণের ভোগান্তির বিষয়গুলো খতিয়ে দেখেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং সাংবাদিকরা।

এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহা অপূর্ব। শুক্রবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহান্দার আলী মিয়া বলেন, “মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে গিয়ে বিভিন্ন পন্থায় অনিয়ম ও দুর্নীতি ধরার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো অনিয়ম পাইনি।”

তিনি আরও বলেন, সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তার এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। সংসদ সদস্যের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, নিয়মিত মনিটরিং ও তদারকি বাড়লে সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।