খুলনায় জামায়াতের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার উদ্যোগে উপজেলা শূরা সদস্য এবং ইউনিয়ন আমীর/সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষাশিবিরের শুরুতে অংশগ্রহণকারীদের হাজিরা গ্রহণ, ডেলিগেট ফি প্রদান এবং সকালের নাস্তার আয়োজন করা হয়। পরে উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা মুহা. এমরান হুসাইন।

দিনব্যাপী কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠন সম্প্রসারণ ও মজবুতকরণ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিমের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। এছাড়া দারসুল কুরআন পেশ করেন খুলনা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মনিরুজ্জামান।

ব্যক্তিজীবনে শৃঙ্খলা ও সাংগঠনিক জীবনে পারিপাট্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। কর্মসূচিতে ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা আমীরের দৃষ্টি আকর্ষণী বক্তব্যও উপস্থাপন করা হয়।

জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর পুনরায় আলোচনা শুরু হয়। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কর্মকৌশল বিষয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি। আদর্শ সংগঠকের গুণাবলী বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পুরো কর্মসূচি পরিচালনা করেন জেলা জয়েন্ট সেক্রেটারি মুন্সী মইনুল ইসলাম।

দিনব্যাপী শিক্ষাশিবির শেষে মুহাসাবা অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে মাওলানা মুহা. এমরান হুসাইন সংগঠনের আদর্শ বাস্তবায়নে সকল নেতাকর্মীকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন।