আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বিদেশে প্রস্তুতি ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এ লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থাইল্যান্ডে ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (৭ মে) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন ঋতুপর্ণা চাকমাসহ দলের একটি অংশ।
বাফুফে সূত্রে জানা গেছে, এই ক্যাম্পের জন্য মোট ৩২ জনকে বেছে নেওয়া হয়েছিল। তবে ভিসা জটিলতার কারণে ৯ জন খেলোয়াড় ও স্টাফ এখনো দলের সঙ্গে যেতে পারেননি।
বাংলাদেশ নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বিষয়টি নিশ্চিত করে জানান, ভিসা সমস্যার কারণে দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমাসহ কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ মোট ৯ জন আজকের ফ্লাইটে উঠতে পারেননি। তিনি বলেন, থাই দূতাবাসের সঙ্গে বাফুফে নিয়মিত যোগাযোগ রাখছে। ভিসা পাওয়া গেলে তারা আগামীকালই দলের সঙ্গে যোগ দেবেন।
দলের হেড কোচ ব্রিটিশ কোচ পিটার বাটলার এবং ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান ক্যামরন লর্ডের ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পাসপোর্ট থাকায় থাইল্যান্ডে প্রবেশে তাদের ভিসার প্রয়োজন হয়নি। একইভাবে সুইডিশ পাসপোর্টধারী ফুটবলার আনিকাও ভিসা ছাড়াই ক্যাম্পে যোগ দিতে পেরেছেন।
বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ডে ২১ মে পর্যন্ত অবস্থান করবে। এই সময়ের মধ্যে তারা স্থানীয় দুটি ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানা গেছে। ক্যাম্প শেষে দলটি ভারতের গোয়ার উদ্দেশে রওনা হবে। নারী সাফে ইতোমধ্যে টানা দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা। সেই লক্ষ্য সামনে রেখে প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাফুফে, আর তাই বিদেশি ক্যাম্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।