পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জারি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ ঠেকাতে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও পরিচালনা করছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান ও মানব পাচারসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হওয়ায় স্থানীয়দের মধ্যেও সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।