‘নো ম্যানস ল্যান্ডে’ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ফেনীর ফুলগাজী সীমান্তের শূন্যরেখা এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের সীমান্তবর্তী কামাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (৬১)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রুপসা গ্রামের মৃত গোপাল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রামের সীমান্তসংলগ্ন জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহটি উদ্ধার করে ফুলগাজী থানায় নেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বিশ্বজিৎ সরকার দীর্ঘদিন ধরে ভারতে একটি ইটভাটায় কাজ করতেন। সম্প্রতি তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে অবৈধভাবে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ দূরে। মরদেহে বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও কাঁটাতারের বেড়া অতিক্রমের সময় যে ধরনের আঁচড় লাগে, তেমন কিছু চিহ্ন শরীরে দেখা গেছে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে জানানো হয়েছে।

মরদেহ উদ্ধারের স্থানটির সীমান্ত দায়িত্বে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের ১০ নম্বর ব্যাটালিয়ন। বর্ডার গার্ড বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের ১০ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে।