দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলেও টুর্নামেন্ট ঘিরে বিতর্কের শেষ হয়নি। তবে এবার নতুন করে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি স্পষ্টভাবে বলেছেন, জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজন করা হবে না।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তামিম ইকবাল বলেন, “আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। আমরা যদি ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে বিপিএল করা উচিত না বলে আমি মনে করি। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো।” তিনি আরও বলেন, নিয়মিতভাবে বিপিএল আয়োজনের পক্ষে তিনি থাকলেও এর সবচেয়ে বড় সমস্যা ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা।
সাবেক এই জাতীয় দলের অধিনায়ক আরও মন্তব্য করেন, দায়িত্ব পালনকালে কোনো সিদ্ধান্তের কারণে বিসিবি ক্ষতিগ্রস্ত হলে তার দায় নিতে হবে। তার ভাষায়, “আপনি ভুল করতেই পারেন, কিন্তু জেনেশুনে যখন ভুল করেন তখন সেটা অপরাধের শামিল।”
সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা জানান, বিপিএলের কয়েকটি দলের সঙ্গে যথাযথ চুক্তিই সম্পন্ন হয়নি। এর মধ্যে দুটি দল—সিলেট ও নোয়াখালী—নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এছাড়া চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব শেষ পর্যন্ত বিসিবি নিজেই নিয়েছিল। এসব ভুল সিদ্ধান্তের কারণে বোর্ডকে সমস্যায় পড়তে হয়েছে বলে তিনি স্বীকার করেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কঠোর নীতিমালা প্রণয়ন করা হবে। একইসঙ্গে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কোয়াবের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। খেলোয়াড়দের চুক্তি প্রক্রিয়া নিয়ে বিসিবি দিকনির্দেশনা দেবে, যাতে কোনো ক্রিকেটার ক্ষতিগ্রস্ত না হন।সব মিলিয়ে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তবে বর্তমান বিসিবি নেতৃত্বের বার্তা স্পষ্ট—গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত না হলে টুর্নামেন্ট আয়োজন নয়।