শরণখোলায় জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, দুইজন গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ মে, ২০২৬

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রতিয়া রাজাপুর গ্রামের রবিন ঢালী (৪৫) ও তার প্রতিবেশী মো. সোবহান হাওলাদার (৬০)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও সমাধান হয়নি, পাশাপাশি আদালতে একটি দেওয়ানি মামলাও চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ মে ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে সোবহান হাওলাদার তার পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে রবিন ঢালীর বাড়িতে অতর্কিত হামলা চালান। এ সময় টিনশেড ঘরের কিছু অংশ ভাঙচুর করা হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনায় রবিন ঢালী বাদী হয়ে সোবহান হাওলাদারসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন। মামলাটি দ্রুত বিচার আইন, ২০০২-এর ৪/৫ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বাগেরহাটের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযান চালিয়ে ইতোমধ্যে এজাহারভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, এটি সম্পূর্ণভাবে জমি সংক্রান্ত বিরোধের ঘটনা। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।