যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে জানিয়েছে। চিঠিতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে কনস্যুলেটের একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।
এদিকে, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৭ মে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার মরদেহ।
জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি (২৭), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।
গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এ ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছ থেকে একটি কালো ব্যাগে থাকা লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা মামলায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডিগ্রি প্রদান তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের অংশ। এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের একাডেমিক অবদান ও অপূর্ণ স্বপ্নকে স্মরণ করা হবে।