বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ মে, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়ার পর এবার লঞ্চভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কম দূরত্বে লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এতে কম দূরত্বে লঞ্চ ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রেক্ষিতে পরিবহন খাতে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সামলাতে সরকার এই সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে দূরপাল্লা ও মহানগর এলাকায় কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানো হলেও ঢাকা ও চট্টগ্রামে বাস-মিনিবাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই বহাল রাখা হয়েছে। এসব শহরে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খাতে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, এই বর্ধিত ভাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য হবে না। অর্থাৎ সিএনজিচালিত যানবাহনের ভাড়া আগের নিয়মেই বহাল থাকবে।

ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বললেও অনেকে অতিরিক্ত চাপ হিসেবে দেখছেন।