আরও বাড়ল দেশের রিজার্ভ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ মে, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের সমান। বুধবার (৬ মে) এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ মে পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৭৪ দশমিক ০৭ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের দিন ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার। সে হিসাবে একদিনের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বিশ্লেষকরা বলছেন, রিজার্ভের এই ধীরে ধীরে বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। আমদানি ব্যয়, ঋণ পরিশোধ এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, রপ্তানি আয়, প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে।