সিরাজগঞ্জে কাটাখালি দখলমুক্ত ও পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, লিটন হোসেন  প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬

“আমাদের কাটাখালি, আমাদের দায়িত্ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে কাটাখালি এলাকার পরিবেশ রক্ষা ও অবৈধ দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে পৌর শহরের কাটাখালি সংলগ্ন এসএস রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরিফ আকন্দ। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, হকার পুনর্বাসনের উদ্যোগকে তারা স্বাগত জানালেও আবাসিক এলাকায় পরিকল্পনাহীনভাবে হকার বসানোর ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। প্রায় ৬০০ হকারের মধ্যে মাত্র ৫০ জনকে সেখানে স্থান দেওয়ায় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, কাটাখালি এলাকায় নারী ও শিশুরা নিয়মিত চলাচল ও খেলাধুলা করে। তাই এ এলাকার পরিবেশ, নিরাপত্তা ও স্বাভাবিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সমাবেশে বক্তারা কাটাখালির সৌন্দর্য ও বাসযোগ্যতা রক্ষায় অবৈধ দখল বন্ধের দাবি জানান এবং এ বিষয়ে দ্রুত দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সিরাজগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক ও সিরাজগঞ্জ রাইফেল ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সাদাফ মোস্তফা, অন্তর সেখ, নাফিজ আহমেদ মারজান, মো. রাফিউজ্জামান আকিব, নাফি নূর ভূইয়া, জাওয়াদ তালুকদার, তায়িব সেখসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

শেষে এলাকাবাসী প্রশাসন ও পৌরসভার প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কাটাখালিকে দখলমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার দাবি জানান।